ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামী লীগকে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে এবং আইন অনুযায়ী সাজা ভোগ করতে হবে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে “আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল” কর্মসূচি শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া শহীদ জিয়া হলের সামনে এসে শেষ হয়।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আওয়ামী লীগ ৫ আগস্টের জুলাই বিপ্লবকে অগ্রাহ্য করে পুনরায় রাজনৈতিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের মাধ্যমে তারা রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের জনগণ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আইন লঙ্ঘন করে কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই।”
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ বা তাদের সহযোগী সংগঠনের কেউ যদি নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পাড়া-মহল্লায় সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে নিষিদ্ধ সংগঠনগুলো কোনো মিছিল-সমাবেশ করতে না পারে। কেউ আইন অমান্য করে এমন কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, শওকত হাশেম শকু, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

