মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সংসদে বক্তাবলী সেতুর দাবী আল আমিনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৯, ২২ জুন ২০২৬

সংসদে বক্তাবলী সেতুর দাবী আল আমিনের

আব্দুল্লাহ আল আমিন

জাতীয় সংসদে বক্তাবলী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, ফতুল্লার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু নির্মাণ। সেতুটি বাস্তবায়িত হলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

আব্দুল্লাহ আল আমিন বলেন, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন এখনো নারায়ণগঞ্জের মূল ভূখণ্ডের সঙ্গে প্রত্যাশিত যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতুর দাবি জানিয়ে আসছেন। তাই জনগণের প্রাণের দাবি ‘বক্তাবলী সেতু’ দ্রুত নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তব্যে তিনি নারায়ণগঞ্জের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, দেশের অন্যতম শীর্ষ করদাতা জেলা হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জকে এখনো ‘এ গ্রেড’ জেলায় উন্নীত করা হয়নি। দ্রুত এ গ্রেডে উন্নীত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি নারায়ণগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ চাষাঢ়া-পঞ্চবটি-আলীগঞ্জ সড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করা প্রয়োজন। এতে যানজট কমবে এবং নগরবাসীর ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।