অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, যারা এগুলো করেছে তারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এখানে কারও ইন্ধন আছে, কারও ইন্ধনেই এই ঘটনাটা ঘটিয়েছে। আমাকে অসম্মান করার চেষ্টা করেছে। আমার সিকিউরিটির দায়িত্ব আমাকে প্রটেক্ট করা। সে তার দায়িত্ব পালন করেছে। সে কারও সাথে দুর্ব্যবহার করেনি। এ ঘটনার ভিডিও ফুটেজও আছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পরে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের বিষয়টি বিব্রতকর ঘটনা। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা নিজেদের চিনতে ভুল করেছে। আমি নারায়ণগঞ্জ বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম। এমন অযথা অবস্থা তৈরি করা কারও জন্য সুখকর না। তারা নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমি আজকে এসে সভাপতির রুমে বসেছি। তারা নাস্তার ব্যবস্থা করেছে। নাস্তা খেতে বসবো এমন সময় শুনলাম পাশের রুম থেকে বকাঝকা আসছে। আমি বের হলাম সিনিয়র আইনজীবী হিসেবে। সেখানে গিয়ে দেখি তারা মারমুখী। তারা নানান কথাবার্তার অবতারণা করেছে যার কোন ভিত্তি নেই।

