ফাইল ছবি
র্যাব-১১ এর পৃথক দুটি অভিযানে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল নাঈম উল হক। রাতে র্যাব-১১ সিপিএসসি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়।
পৃথক আরেকটি অভিযানে একই দিন ভোরে র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

