সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ত্বকী হত্যার ১৫৫ মাস: বিচার চেয়ে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্বকী হত্যার ১৫৫ মাস: বিচার চেয়ে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৫ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। 

রবিবার সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিনা তাজরীনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু।

এ সময় রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার বিচারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার সাড়ে এগারো বছর এই বিচার বন্ধ করে রেখেছিল। বর্তমান সরকার দেড় বছর ক্ষমতায় থাকলেও এখনো অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি এবং দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থা যে অবস্থায় রেখে যাওয়া হয়েছে, তাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। মামলা বাণিজ্য, বেছে বেছে বিচার করা কিংবা বিচার বন্ধ রাখার সংস্কৃতি আগের মতোই চলমান রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, আগের সরকার যেখানে ওসমান পরিবারের সংশ্লিষ্টদের রক্ষা করতে চেয়েছে, সেখানে বর্তমান সরকার কাদের রক্ষা করছে, তা স্পষ্ট নয়। সরকার ও প্রশাসন জনবান্ধব ও নিরপেক্ষ না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যার বিচার ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন ধরে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।