সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

নারায়ণগঞ্জে ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং সংস্কৃতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এ প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং সংস্কৃতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।

এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সব থানার সাতটি পুরুষ ও সাতটি নারী কাবাডি দল অংশ নিচ্ছে। উদ্বোধনের পর পুলিশ লাইন্স ড্রিল শেডের মাঠে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বোধনী আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতাকে ঘিরে পুলিশ সদস্যদের পাশাপাশি ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যেও আগ্রহ দেখা যায়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়ামোদী সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা আরও বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার সুযোগ তৈরি হয়েছে।