ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে যখন দলীয় ও তৃণমূলে আলোচনা চলছে, তখন দুই মনোনয়ন প্রত্যাশীর সঙ্গেই ঘনিষ্ঠ অবস্থানে রয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ ও বিশিষ্ট সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব দুজনের সঙ্গেই তার রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। দুজনের পক্ষেই সজলের অবস্থানের বিষয়টি সামনে আসায় নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা।
মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সজলের ঘনিষ্ঠতার বিষয়টি অবশ্য নতুন নয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক ভাবে মনোনীত প্রার্থী মাসুদের পক্ষে প্রকাশ্যেই অবস্থান নিয়েছিলেন সজল। একাধিক কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাসুদের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তবে সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে রাকিবুল ইসলাম রাকিবের নামও আলোচনায় আসার পর সজলের সঙ্গে তার ঘনিষ্ঠতাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার সাথেও রাজনৈতিক সখ্যতা অনেক পূর্বের। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে দুজনের একসঙ্গে উপস্থিতি এবং পারস্পরিক যোগাযোগকে ঘিরে মহানগর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে।
দলীয় নেতাকর্মীদের একটি অংশের প্রশ্ন, শেষ পর্যন্ত সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সজলের অবস্থান কোন দিকে থাকবে। কারণ একদিকে মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ রয়েছে, অন্যদিকে রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
তবে সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত না হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের ঘিরে স্থানীয় নেতাদের অবস্থানও চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। ফলে একই সঙ্গে দুই মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং দুজনের প্রতিই ইতিবাচক অবস্থান রাখার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছে।
নেতাকর্মীদের কেউ কেউ মনে করছেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে একাধিক সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ রাখা স্বাভাবিক রাজনৈতিক কৌশল। আবার তৃণমূলের একটি অংশ মনে করছে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শেষ পর্যন্ত যিনি দলীয় সমর্থন পাবেন, তার পক্ষেই মহানগর যুবদলের নেতাকর্মীদের সুস্পষ্ট অবস্থান প্রত্যাশিত।

