মোটরসাইকেল শোডাউন
নাশকতা প্রতিরোধে অবস্থান ও সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে সিদ্ধিরগঞ্জসহ মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি দেখা যায়।
সিদ্ধিরগঞ্জ এলাকায় মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। এ সময় তার সঙ্গে নেতাকর্মীদের একটি অংশ মোটরসাইকেল নিয়ে মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নেন। পরে তারা মিছিল করে এলাকা প্রদক্ষিণ করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্টে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মিছিল করেছেন। মিছিল থেকে নেতাকর্মীরা সড়কে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বরকে সামনে রেখে মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য তারা সতর্ক অবস্থান নিয়েছেন। এ সময় যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তারা গুরুত্ব দেওয়ার কথা জানান বিএনপি নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেওয়ার কথা প্রচার করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পক্ষ। কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে দেখা গেছে।

