শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, চলতি মাসে আক্রান্ত ৬৬৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, চলতি মাসে আক্রান্ত ৬৬৬

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। 

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৯৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর তথ্য নেই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু রোগীর পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে কোনো রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়নি এবং ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

জেলায় বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮২২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতাল ভিত্তিক তথ্যেও ডেঙ্গু রোগীর উপস্থিতি পাওয়া গেছে। ৩০০ শয্যা খানপুর হাসপাতালে ১২ জন এবং নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, বন্দরে ৮ জন, রূপগঞ্জে ৩ জন এবং সোনারগাঁয়ে ৩ জন রোগীর তথ্য দেওয়া হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৫০ জন। একদিনে নতুন করে ৩৫ জন আক্রান্ত হওয়ায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৫ জন।

এর মধ্যে সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। অর্থাৎ বছরের মোট আক্রান্তের একটি বড় অংশই চলতি মাসে শনাক্ত হয়েছে। ফলে সেপ্টেম্বরজুড়ে নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ার বিষয়টি পরিসংখ্যানে স্পষ্ট হয়ে উঠেছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. সাখাওয়াত হোসেন জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রোগীদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করছি।