শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে আবু মাসুমের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে আবু মাসুমের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক, রাজনৈতিক ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় এসেছে তার নাম।

আবু মোহাম্মদ মাসুম ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি। পরবর্তী সময়ে যুবদলের রাজনীতিতে সক্রিয় হয়ে রূপগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন ও এর আগে পরে নিয়মিত রূপগঞ্জে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়।

দলীয় ও স্থানীয় বিভিন্ন সূত্রের ভাষ্য, রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়ে আবু মাসুমকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে। বিএনপির আন্দোলন-সংগ্রামের সময় তিনি বহু মামলার আসামি হয়েছেন এবং হামলার শিকারও হয়েছেন। এ কারণে দলের তৃণমূলের একটি অংশের কাছে তার দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা আলোচনার বিষয় হয়ে আছে। 

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন আবু মাসুম। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা-সচেতনতামূলক কার্যক্রম, ক্রীড়া আয়োজন এবং দলীয় নেতাকর্মীদের বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ত হতে দেখা গেছে তাকে। ২০২৬ সালের মে মাসে রূপগঞ্জের ১৪টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন ও খাবার বিতরণ কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময়ও রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল। আন্দোলনের সময় তিনি নেতাকর্মীদের সংগঠিত করতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বর্তমানে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে আবু মোহাম্মদ মাসুমের নামও সামনে এসেছে।