ফাইল ছবি
নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকটে জনজীবন ও শিল্পকারখানায় তৈরি হওয়া ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার। তিনি বলেন, আবাসিক পর্যায়ে গ্যাসের সংকটের পাশাপাশি শিল্পকারখানাগুলোও জ্বালানি সংকটে ক্ষতির মুখে পড়ছে। এতে কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল জব্বার বলেন, নারায়ণগঞ্জের প্রায় প্রতিটি বসতবাড়ির চুলায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়ছে।
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের কারখানাগুলোতেও গ্যাস সংকটের প্রভাব পড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। পরিস্থিতি অব্যাহত থাকলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারের প্রতি জনগণের মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত রাজনৈতিক ব্যস্ততা কমিয়ে সরকারের উচিত মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া।
বিশেষ করে গ্যাস, জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মাওলানা আব্দুল জব্বার বলেন, মানুষ এখন রাজনৈতিক বক্তব্যের চেয়ে স্বস্তি চায়। তারা সমস্যার বাস্তব ও কার্যকর সমাধান প্রত্যাশা করে। তাই জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

