ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছানাউল্লাহ সরকার হত্যা মামলায় আক্তার সরকার নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ অক্টোবর সন্ধ্যা ৮টা থেকে ৮টা ১০ মিনিটের মধ্যে রূপগঞ্জে ছানাউল্লাহ সরকারকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি ও টেঁটা দিয়ে পেটানো এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিএনজিযোগে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরদিন রূপগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল রূপগঞ্জ থানার অভিযোগপত্র নম্বর-২০০ এর মাধ্যমে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি পরবর্তীতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন ছিল।
নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার এক নম্বর আসামি রূপগঞ্জের দিগুলিয়ারটেমের আক্তার সরকারকে (৪৫) দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। অপরদিকে অভিযোগপত্রভুক্ত দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে অভিযোগ থেকে খালাস দেন আদালত।

