ফাইল ছবি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া নিয়ে চলমান বিরোধের অবসান হয়েছে। এখন থেকে সাধারণ যাত্রীদের ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের ৩৪ টাকা ভাড়া দিতে হবে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ পাস সুবিধা দিন-রাতের যেকোনো সময় প্রযোজ্য হবে।
বুধবার (৭ অক্টোবর) প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্দোলনরত শিক্ষার্থী ও পরিবহন মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ভাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার ভিত্তিতে সাধারণ যাত্রীর ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া সবাই এ সিদ্ধান্তে সম্মত হয়েছেন। পরবর্তী সময়ে ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত এ হারেই যাত্রী পরিবহন করা হবে।
তিনি জানান, শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ পাসের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা রাখা হয়নি। অর্থাৎ ২৪ ঘণ্টাই তারা ৩৪ টাকা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
পরিবহন মালিকদের পক্ষ থেকে সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকারি নির্দেশনা এবং যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা নির্ধারিত ভাড়া মেনে নিয়েছেন। একই সঙ্গে ফ্লাইওভারের টোল পুনর্নির্ধারণের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে তারা আশা করছেন।
ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসা ইতিবাচক ঘটনা। তার মতে, পরিবহন খাতে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি চাঁদাবাজি ও পরিবহনকেন্দ্রিক অনিয়ম বন্ধের পথও এতে তৈরি হতে পারে।
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দাবির ভিত্তিতে আন্দোলন হয়েছে। আলোচনার মাধ্যমে সাধারণ যাত্রীর ভাড়া দুই টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ছয় টাকা কমানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এটিকে নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও দাবি করেন তিনি।
এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, বিরোধপূর্ণ একটি বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো মুখোমুখি বসে সমাধানে পৌঁছেছে। রাজনৈতিক ও সামাজিকভাবে এ ধরনের আলোচনার মাধ্যমে সংকট সমাধানের নজির গুরুত্বপূর্ণ।
জ্বালানি তেলের দাম বাড়ার পর গত ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনে সাধারণ যাত্রীর ভাড়া ৬০ টাকা নেওয়া হচ্ছিল। শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও ওঠে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আন্দোলনে নামে।
ভাড়া কমানোর দাবিতে কয়েক দফা কর্মসূচি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হয়। শিক্ষার্থীরা শুরু থেকেই সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য কোনো শর্ত ছাড়া ৩৪ টাকা হাফ পাস চালুর দাবি জানিয়ে আসছিলেন।
বুধবারের বৈঠকে সেই দাবির ভিত্তিতেই নতুন ভাড়া নির্ধারণ করা হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা সিদ্ধান্তকে স্বাগত জানান এবং আন্দোলনের দাবির বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

