মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫০, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৫১, ৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময়

ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয়ভাবে সমন্বয় এবং উৎসব চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দও দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের বিষয়ে মতামত দেন।

পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হাবিবুর রহমান জানান, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয় গুরুত্বপূর্ণ। এ জন্য পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ অংশ নেন।

এ ছাড়া জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।