ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেছেন, আজ দুপুরে আমরা লাঞ্চ শেষে গল্প করছিলাম এসময় সাখাওয়াত সাহেব তার বডিগার্ডদের নিয়ে এসে আমাদের জিজ্ঞেস করে আমরা হৈ চৈ কেন করছি। আমরা বললাম যে আমাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছি এজন্য হৈ চৈ হচ্ছে। এসময় তিনি আমার গায়ে হাত তোলার চেষ্টা করে। তার সাথে যে পুলিশ ছিল সে আমাকে কয়েকটি ঘুষি মেরেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াতের হামলার অভিযোগ এনে একথা বলেন তিনি।
তিনি বলেন, সাধারণ আইনজীবীরা এসময় পুলিশকে আটক করার চেষ্টা করলে সাখাওয়াত সাহেব তাকে নিয়ে সভাপতি সাহেবের রুমে আশ্রয় নেয়। আমরা বুঝতেই পারিনি তিনি কী কারণে উত্তেজিত হয়ে আক্রমণ করলেন। আমি হতভম্ব হয়ে গেছি। তার মত একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা এগুলো আশা করি না।
তিনি আরও বলেন, আমি এসপি সাহেবের সাথে দেখা করবো। তিনি মামলা নিলে নিবে, নয়তো কোর্টে মামলা দায়ের করবো।
তিনি বলেন, গত দুই তিন মাস ধরে নারায়ণগঞ্জ কোর্ট ভাগ করার বিষয়ে আন্দোলন চলছে। সাখাওয়াত সাহেব বলেছিলেন এখান থেকে চার পাঁচটা কোর্ট কালীরবাজারে চলে যাবে। আমরা এটার প্রতিবাদ করেছি। এ কারণে হয়ত তিনি ক্ষুব্ধ।
তিনি আরও বলেন, অপ্রাপ্তবয়স্ক একজন আইনজীবী কোন না কোন ভাবে পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তিনি সাখাওয়াত সাহেবসহ অনেকের কাছে শরণাপন্ন হয়েছিলেন৷ এ কারণেও তিনি ক্ষুব্ধ হয়ে থাকতে পারে।

