মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুকুরে ডুবে সিদ্ধিরগঞ্জে তেলের লরির হেলপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১২, ২৮ জুলাই ২০২৬

পুকুরে ডুবে সিদ্ধিরগঞ্জে তেলের লরির হেলপারের মৃত্যু

প্রতীকী ছবি

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোড এলাকার উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠ সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ফজলে রাব্বি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় একটি তেলের লরির হেলপার ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাজের ফাঁকে ফজলে রাব্বি পুকুরঘাটে হাত-মুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে ডুবে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় সহকর্মী ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩ শত শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।