ফাইল ছবি
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সোনারগাঁও থানা এলাকার কুখ্যাত ডাকাত মোঃ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত আড়াইটায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সোনারগাঁও থানার কাফুরদী এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে। তার মা মৃত আমেনা বেগম।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম বলেন, “গ্রেপ্তারকৃত সাদ্দাম একজন কুখ্যাত ডাকাত। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বসতবাড়ি, মহাসড়ক ও মিল-কারখানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সোনারগাঁও এলাকায় অপরাধ দমনে একটি বড় সাফল্য অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, “সাদ্দামের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা, চুরি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে মোট ৩৪টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”
জেলা গোয়েন্দা শাখা জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

