ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নদী দূষণের অভিযোগে একটি ডাইং কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সস্তাপুর এলাকায় অবস্থিত ‘আকবর ডাইং’ নামের একটি কারখানায় তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। কারখানাটি থেকে উৎপন্ন বর্জ্য যথাযথভাবে পরিশোধন না করে পরিবেশে নির্গমন করায় নদী দূষণের ঝুঁকি তৈরি হচ্ছিল।
এসময় অভিযানকালে কারখানাটির বিরুদ্ধে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর জানান, নদী ও পরিবেশ দূষণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশগত ছাড়পত্রের শর্ত লঙ্ঘন, ইটিপিবিহীন কার্যক্রম পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় দূষণকারী কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

