শুটার রিয়াজের দুই ঘনিষ্ঠ সহযোগী
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রিয়াজের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া পারগাঁও এলাকার খোকনের ছেলে মো. সুমন এবং রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে শাওন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

