বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে প্রাণ গেল মাজহারুল ইসলামের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৯, ৩০ জুলাই ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে প্রাণ গেল মাজহারুল ইসলামের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী এলাকায় এ  ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম সুলতানসাদী গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, একই এলাকার হযরত আলীর ছেলে পারভেজ (৩৫), বকুল (৪০), সোহেল (৩০), হানিফ (৩৩) এবং নুরুল ইসলাম ভান্ডারী (৬০)সহ কয়েকজনের সঙ্গে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

নিহতের ছেলে তরিকুলের অভিযোগ, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন তার বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং গলা চেপে ধরেন। এতে মাজহারুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।