ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ (নব্বই) পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে একটি পূর্বের হত্যা মামলার এক আসামি, একটি বৈষম্যবিরোধী মামলার এক আসামি, অন্যান্য মামলার এক আসামি এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আট আসামিসহ সর্বমোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত রফিকুল ইসলাম তপু, কামাল হোসেন, আবু তাহের ওরফে বেঙ্গা, সাব্বির, মিঠুন, অয়ন, কাউসার ও সুমন আহম্মেদ। এছাড়া অন্যান্য মামলার আসামি নাসির মাহমুদ, বৈষম্যবিরোধী মামলার আসামি করিম বাদশা, মাদক মামলার আসামি রাসেল, ফেকু এবং পূর্বের হত্যা মামলার আসামি মিলনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৯০ পুরিয়া হেরোইন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

