রোববার, ২৩ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

ফাইল ছবি

‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের অসুস্থ ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (২৩ আগস্ট) সকালে কাজ শুরু করার পর কয়েক দফায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় আজকের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

‎কারখানা কর্তৃপক্ষের দাবি, রোববার ৯০ শতাংশের মতো শ্রমিক কাজে যোগ দেন। সকাল ৭টার পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে শ্রমিকদের দাবি, অসুস্থের সংখ্যা আরও বেশি। তাদের কয়েকজনকে বেপজা হাসপাতাল, স্থানীয় আলিফ হাসপাতাল, সুগন্ধা হাসপাতাল ও নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

‎শ্রমিকরা জানান, আজ সকাল ৬টার দিকে তারা কাজে যোগ দেন। এক ঘণ্টা পর কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে গেলে অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়।

‎এর আগে শনিবারও একই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে শ্রমিকদের দাবি। দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অসুস্থদের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‎এদিকে, অসুস্থতার কারণ নিয়ে শ্রমিকদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কয়েকজন শ্রমিক দাবি করেন, শনিবার এক নারী শ্রমিক কারখানায় ‘ভূত দেখেছেন’ বলে জানান। এরপর তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন এবং পরে অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারখানা কর্তৃপক্ষ ও বেপজার কর্মকর্তারা এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন।

‎ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জিএম বিল্লাল হোসেন বলেন, আজ প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিল। অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দিয়েছি। শ্রমিকদের কেউ কেউ ভূত দেখার কথা বলছেন। তবে সচেতন মানুষ হিসেবে আমরা এ ধরনের বিষয় বিশ্বাস করি না। কারখানার বিভিন্ন স্থানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। মূলত কী কারণে তারা অসুস্থ হচ্ছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

‎নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে কারখানাটিতে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ ২০ জন শ্রমিককে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। 

‎আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, রোববারও ৫ থেকে ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ইডি স্যারসহ তারা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে দমবন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো বিষয় চোখে পড়েনি। শ্রমিকদের মধ্যে ভূত দেখার কথা শোনা গেলেও বিষয়টির প্রকৃত কারণ নিশ্চিত করতে কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় কারখানাটি আজ বন্ধ রাখা হয়েছে।

খানপুর ৩শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল বাশার জানান, তারা এক ধরনের গ্যাসে আক্রান্ত হয়ে আসছেন। কি ধরনের গ্যাস শনাক্ত করা যায়নি। আমরা চিকিৎসা দিচ্ছি। বড় ধরনের কোন সমস্যা নেই আক্রান্তদের।