ফাইল ছবি
সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সরেজমিনে দেখতে নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার বিভিন্ন স্থানে এসব পরিদর্শন করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিস, সিদ্ধিরগঞ্জ থানা ও গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ, ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন।
এসব দপ্তর ও প্রতিষ্ঠানে গিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি, নাগরিক সেবার মান, অবকাঠামোগত পরিস্থিতি এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে সরকারি সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়েও খোঁজখবর নেন জেলা প্রশাসক। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লকের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনবান্ধব প্রশাসন, মানসম্মত শিক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

