বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৩, ১৫ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বহিষ্কার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষিকা একরামুন্নেছা বিউটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে শিক্ষিকা লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, ২০২৪ সালের আগস্ট মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের নির্দেশে লাইব্রেরিতে প্রবেশ করে আফজাল মোল্লা তাঁকে প্রথমে লাঞ্ছিত করেন এবং পরে কিল-ঘুষি মেরে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদের আওয়ামী লীগের দোসর বলে গালিগালাজ করে আফজাল মোল্লা চলে যান বলেও অভিযোগ করেন ওই শিক্ষিকা।

শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষিকারা ক্লাস বর্জন করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, “বিউটি আওয়ামী লীগের দালাল।” এ বিষয়ে সরাসরি কথা বলবেন জানিয়ে তিনি ফোনে আর কথা বলতে রাজি হননি।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন পরিস্থিতি হবে, বুঝতে পারিনি।”

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, “ঘটনা তদন্ত চলছে। বিষয়টি দেখব।”

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ যদি অন্যায়ের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।