ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হতেই হোটেল, ওষুধ ও মুদি দোকানসহ তিন শতাধিক দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিপণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও লাইসেন্স যাচাইয়ে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
অভিযানে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ঙ) ধারায় দুই দোকানিকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এ জরিমানা করেন।
জরিমানার মুখে পড়া দুই দোকানি হলেন- মেসার্স নুরুল আমিন স্টোরের মালিক নুরুল আমিন ও আজিজুল স্টোরের মালিক আজিজুল। তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে হোটেল, ওষুধ ও মুদি দোকানসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক দোকান বন্ধ হয়ে যায়।
এদিকে অভিযানে কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কয়েকটি দোকানে মূল্যতালিকা প্রদর্শনের বিলবোর্ড সরবরাহ করেন। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
কৃষিপণ্যের বাজারে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের সচেতন করতে এ অভিযান পরিচালনা করা হয়।

