শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত, কয়েকজন আহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩২, ২৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত, কয়েকজন আহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামের এক মসজিদের ইমাম নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছবাজার সংলগ্ন সার্ভিসলেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কুমিল্লার হোমনা থানার দরিচর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে যাওয়ার পথে বালুবাহী একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও দোকানে ধাক্কা দেয়। এসময় ট্রাকটির পেছনের বাম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইমাম আকরাম হোসেন।

দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০), সায়েমসহ (২২) কয়েকজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাস্তার পাশে থাকা দু’টি ভ্যানগাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চাকার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ ট্রাকটি জব্দ করে রেকারের মাধ্যমে পুলিশ লাইনে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।