বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় পুলিশের মামলায় আসামি ১৫০০, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৭, ৪ নভেম্বর ২০২৬

ফতুল্লায় পুলিশের মামলায় আসামি ১৫০০, গ্রেফতার ৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। 

শ্রমিক আন্দোলনের আড়ালে সরকারবিরোধী কর্মকাণ্ড ও সংঘাত উসকে দেওয়ার অভিযোগে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শামীম হাসান (২৮), মোঃ মামুন (২৬), মোঃ ওমর ফারুক (৩৮), ইমান ইমন (২৬), শাহিন আহম্মেদ ও আতিকুর রহমান (২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম জানান, গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—যুবলীগ নেতা আজমত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল, কার্যকরী সদস্য মজিবর, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি টিপু সুলতান, মোফাজ্জল হোসেন চুন্নু, রাকিব হোসেন, ওয়াসিম, রতন, মোঃ রাকিব, ছাত্রলীগ নেতা সোহাগ, সেলিম এবং প্রজন্মলীগ নেতা জনি।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর দুপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট থেকে ফতুল্লা স্টেডিয়াম পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনের পেছনে ইন্ধন জুগিয়ে সরকার উৎখাত ও স্থিতিশীলতা নষ্টের পরিকল্পনা করছিল।
বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুই পুলিশ কনস্টেবল আহত হন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে মহাসড়ক মুক্ত করে।