ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়।
এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ কিছু মালামাল।
বুধবার (৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।
ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোর ২:৩০ টার দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।
পরে কয়েকজন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে মালামাল লুট করে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

