শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার মূল ঘাতক অস্ত্রসহ গ্রেপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৫, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৩২, ১৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার মূল ঘাতক অস্ত্রসহ গ্রেপ্তর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সন্ত্রাসী সাহেব আলী (৪০) হত্যা মামলার মূল ঘাতক এবং সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত প্রধান অভিযুক্ত মোঃ রনি (৩২) কে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিসিএসসি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ অক্টোবর সংঘাতের সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকায় প্রকাশ্য দিবালোকে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান অভিযুক্ত মোঃ রনি নিজ হাতে সাহেব আলীকে লক্ষ্য করে একের পর এক গুলি চালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

অধিনায়ক জানান, ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এসআরবি-১১ তাদের অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ভোরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকায় এক সাঁড়াশি অভিযান চালিয়ে মূল ঘাতক রনিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে রনির নিজ বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১টি পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করে এসআরবি-১১ এর আভিযানিক দল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এ মামলার ১ নং এজাহারনামীয় অভিযুক্ত সাব্বিরকে গত ১৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত রয়েছে।