প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভাংতি স্ট্যান্ড এলাকার কড়িপাড়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৯টি টিনশেডের ১৫ হাজার ২৫৮ বর্গফুটের তুলার গোডাউন ও পাশের একটি দোতলা ভবনের আংশিক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার করা সম্পদের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর ৩টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। ভোর ৩টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। পরে বন্দর ও কাচপুর মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ কার্যক্রমে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, নারায়ণগঞ্জ জোন-২-এর নেতৃত্বে আগুন নির্বাপণের কাজ পরিচালিত হয়। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৭টা ৪৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। পরে সকাল ৮টা ৫৮ মিনিটে ইউনিটগুলো নিজ নিজ স্টেশনে ফিরে যায়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত সম্পদের মধ্যে রয়েছে ৯টি টিনশেডের তুলার গোডাউন, বৈদ্যুতিক তার, বিভিন্ন মালামাল ও গোডাউনের আসবাবপত্র। এ ছাড়া পাশের একটি দোতলা ভবনের কাচের গ্লাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

