মোবারক হোসেন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার প্রায় সাত বছর পর স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় দেন।
মোবারক হোসেনের বাড়ি নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তাঁর স্ত্রী ছালেহা বেগম সৌদি আরবপ্রবাসী ছিলেন। হত্যার প্রায় দুই মাস আগে তিনি দেশে ফেরেন।
২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ছালেহা। এ সময় মোবারক হোসেনের সঙ্গে আরও দুই থেকে তিনজন ঘরে প্রবেশ করেন। অভিযোগে বলা হয়, তাঁদের মধ্যে কয়েকজন ছালেহার পা চেপে ধরেন। পরে মোবারক ধারালো ছোরা দিয়ে তাঁর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছালেহার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ মোবারক হোসেনকে আটক করে। নিহতের মেয়ে সুমাইয়া ও ছোট বোন পারভীনসহ স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই দিনই আড়াইহাজার থানায় হত্যা মামলা করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, মামলাটির তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল মোবারক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

