রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গ্যারেজে ডাকাতি, ৯২ ব্যাটারি ও অটোরিকশা লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৪, ২২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্যারেজে ডাকাতি, ৯২ ব্যাটারি ও অটোরিকশা লুট

ফাইল ছবি

‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজে হানা দিয়ে নৈশপ্রহরী ও এক গাড়িচালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৯২টি ব্যাটারি ও চার্জার এবং একটি অটো থ্রি-হুইলার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় গ্যারেজে থাকা দুইজনের হাত, পা ও মুখ বেঁধে রাখে দুর্বৃত্তরা। 

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
সোমবার (২২ নভেম্বর) ‎এ ঘটনায় গ্যারেজের মালিক মো. মাহবুবুর রহমান (৩৬) অজ্ঞাতনামা ১০-১২ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় মাহবুবুর রহমানের ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের একটি গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজ থেকে এলাকার ১৫-২০ জন চালক ভাড়ায় গাড়ি নিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্যারেজের নিরাপত্তা ও দেখাশোনার জন্য রাতে সেখানে অবস্থান করতেন মালিকের বাবা।
‎
‎ঘটনার দিন রাত ১২টার দিকে অধিকাংশ গাড়ি গ্যারেজে জমা হলেও একটি গাড়ি ফিরতে দেরি হওয়ায় মালিকের বাবা গ্যারেজে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ১০-১২ জনের একটি ডাকাতদল গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছুরি, চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তারা গ্যারেজে থাকা মালিকের বাবা ও এক গাড়িচালককে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
‎
‎পরে ডাকাতরা গ্যারেজে থাকা ২৩টি অটোরিকশার মোট ৯২টি ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপে তুলে নেয়। একই সঙ্গে একটি বড় অটো থ্রি-হুইলার গাড়িও নিয়ে যায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
‎
‎গ্যারেজ মালিক মাহবুবুর রহমান জানান, রাত ৩টা ৫০ মিনিটের দিকে প্রতিবেশীর ফোন পেয়ে তিনি গ্যারেজে গিয়ে তার বাবা ও চালককে বাঁধা অবস্থায় দেখতে পান। তাদের বাঁধন খুলে গ্যারেজে তল্লাশি করে ব্যাটারি, চার্জার ও একটি অটো থ্রি-হুইলার গাড়ি লুট হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও লুট হওয়া মালামাল কিংবা ডাকাতদের সন্ধান পাননি।
‎
‎এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। লুট হওয়া মালামালও উদ্ধার হয়নি।
‎
‎খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তাধীন রয়েছে।