ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ নাজির হোসেন (৫২) বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, রাতে অভিযানে এনায়েতনগরের ‘মিজি ম্যানশন’ নামের একটি বাড়ির পশ্চিম পাশে ইটের প্রাচীরবেষ্টিত এলাকায় তেঁতুল গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয় এসময় মোঃ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৩০ জুন তারিখে রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা এবং অস্ত্রটি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

