বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক টহল জাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫২, ১ জুলাই ২০২৬

নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক টহল জাহাজ

‘কিল-লেয়িং’ অনুষ্ঠান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে দেশীয় প্রযুক্তিতে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (নদী টহল জাহাজ) নির্মাণের কাজ শুরু হয়েছে। 

বুধবার (১ জুলাই) নৌবাহিনীর ডকইয়ার্ডে নতুন টহল জাহাজের ‘কিল-লেয়িং’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এসময় তিনি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে মনজুর মোর্শেদ বলেন, দেশের উপকূলীয় অঞ্চল, নদীপথ ও অভ্যন্তরীণ নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে ৫টি আধুনিক রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জাহাজগুলো নির্মাণ ও হস্তান্তর করা সম্ভব হলে জননিরাপত্তা, নৌপথের সুরক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে কোস্টগার্ড আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডকইয়ার্ড কর্তৃপক্ষ জানায় ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আওতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও দক্ষ জনশক্তির সমন্বয়ে ভেসেলগুলো নির্মাণ করা হবে। এসব জাহাজে আধুনিক নেভিগেশন, যোগাযোগ ও নজরদারি ব্যবস্থা সংযোজন করা হবে, যা নদী ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রমকে আরও কার্যকর করবে।

এছাড়াও দ্রুতগতির এসব টহল জাহাজ নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি উদ্ধার অভিযান, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নৌবাহিনী, কোস্টগার্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।