প্রতীকী ছবি
বন্দরে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকালে বন্দর বাড়ৈপাড়া রোড শহীদ মিনার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত কনা উল্লেখিত এলাকার মিজানুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার জানায়, রোববার রাতে কনা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে বাসার কাজের মহিলা টগর বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের কাপড় শু এসএস (স্টেইনলেস স্টিল) পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে রাখেন। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে খাটে শোয়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের বাবা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, বন্দরের জামাইপাড়া এলাকার ইমন (৩৫) নামে এক ব্যক্তির সঙ্গে প্রায় দুই বছর ধরে কনার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি পিছিয়ে দেওয়া হচ্ছিল। তিনি আরও দাবি করেন, গত ২ আগস্ট রাত ৯টার দিকে ইমন তাদের বাসার নিচতলায় এসে কনাকে একটি শ্যাম্পু দিয়ে যান। এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

