শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৯, ২০ আগস্ট ২০২৬

আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করত। নিহত ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর শিশুদের বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।

সন্ধ্যায় উদ্ধার করে তাদের মধ্যে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল জানান, দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল। হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একসঙ্গে চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে খানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।