প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-১১ এর ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান (অপারেশন কর্মকর্তা) এর সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজ ও আশপাশের এলাকায় প্রায় সময়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে নিয়মিত তাদের অভিযান পরিচালিত হচ্ছিলো। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনার সময় সড়কের পাশের একটি ঝোঁপ থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।

