মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও খেলাধুলার উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৪, ২০ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও খেলাধুলার উদ্যোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বিভিন্ন সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণে ব্যক্তিগত অর্থায়নে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ। শুধু রাস্তাঘাট নয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরিতেও কাজ করছেন তিনি। এসব উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা ও খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, পথচারী, কৃষক ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতো। এমন পরিস্থিতিতে নিজ অর্থায়নে এসব রাস্তা সংস্কার ও নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সুলতান মাহমুদ।
জানা গেছে, ইউনিয়নের হাটাবো, নন্দীপাড়া, সোনাদিয়া ও ধইরাটেকসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ১০ থেকে ১২টি নতুন রাস্তার ঢালাই কাজ সম্পন্ন করার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারী যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত প্রধান সড়কগুলোর খানাখন্দ মেরামত করা হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের সুবিধার্থে নিজ অর্থায়নে চারটি কালভার্ট নির্মাণের কাজও চলছে।
স্থানীয় বাসিন্দা ফরহাদের  বলেন : 
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন রাস্তা ভাঙাচোরা থাকায় আমাদের চলাচলে অনেক কষ্ট হতো। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যেত। সুলতান মাহমুদ নিজ অর্থায়নে রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা আশাবাদী। এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় বাসিন্দা রহিমের বলেন, 
আমাদের এলাকায় অনেক রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিল। রাস্তা মেরামতের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজ সঠিকভাবে সম্পন্ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন সুলতান মাহমুদ। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুযোগ সৃষ্টি, গ্রামের মাঠগুলো খেলাধুলার উপযোগী করা এবং ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় যুবক রাশেদের জানা, 
 বর্তমানে অনেক তরুণ খেলাধুলার সুযোগের অভাবে অবসর সময় অন্যভাবে কাটাচ্ছে। এলাকায় খেলার মাঠ তৈরি এবং ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ অত্যন্ত ভালো। এতে যুবসমাজ খেলাধুলায় আগ্রহী হবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, দাউদপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য প্রতিটি ওয়ার্ডের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা। দাউদপুরকে একটি আধুনিক, সুন্দর ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যেখানে রাস্তার সমস্যা দেখা যাচ্ছে, সেখানেই সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করছেন। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিরা এগিয়ে এলে দাউদপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। একই সঙ্গে খেলাধুলার সুযোগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের জন্য গড়ে উঠবে সুন্দর ও সুস্থ সামাজিক পরিবেশ।