রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেঘনায় গোসলে নেমে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের, এখনো নিখোঁজ ১ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় গোসলে নেমে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের, এখনো নিখোঁজ ১ শিক্ষার্থী

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই ভাই হলো- সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫)। নিখোঁজ অপর শিক্ষার্থীর নাম আবির (১৪)। সে একই এলাকার আব্দুল আলিনের ছেলে।

​তারা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু। কিন্তু স্কুলে না গিয়ে তারা চারজন একসাথে মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে একজন নদী থেকে উঠে আসলেও বাকি তিনজন তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায়।

​খবর পেয়ে ঢাকার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ ৩ জনের মধ্যে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ অপর শিক্ষার্থী আবিরের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।