নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে (৫০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার রাতে উপজেলার বারদী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ বেপারীর ছেলে এবং তিনি বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুর মোহাম্মদের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে। এছাড়া পুরোনো ডাকাতির প্রস্তুতি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ রবিবার রাতে বারদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হলে পুলিশ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও ক্ষমতার দাপট দেখানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব নতুন অভিযোগের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি।
দলীয় ও রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানা গেছে, নুর মোহাম্মদ পূর্বে জাতীয় পার্টির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে দল পরিবর্তন করে তিনি জাতীয়তাবাদী কৃষকদলে যোগ দেন এবং বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, নুর মোহাম্মদকে একটি পুরোনো ডাকাতি মামলায় পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অপরাধের বিষয়ে আমার কিছু জানা নেই।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ডাকাতির প্রস্তুতি মামলায় নুর মোহাম্মদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় সোপর্দ করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

