প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের আম্বার পেপার মিলের সামনে শীতলক্ষ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় বাসিন্দা আনন্দ জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে নদীতে মরদেহটি ভাসতে দেখার পর তারা ৯৯৯-এ ফোন করেন।
স্থানীয়রা জানান, মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পঁচে সাদা হয়ে গেছে। তবে মরদেহটির মাথা পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মরদেহের বিষয়ে একটি ফোন পেয়েছি। এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহ বলেন, এলাকাবাসী শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নদীর মধ্যে দেখতে পাই। এ বিষয়ে নৌ পুলিশ কাজ করছে।
নৌ পুলিশ কাঁচপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম খন বলেন, লাশটি ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু করেছি।

