সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্যবসায়ী নেতাদের সঙ্গে এসপির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ী নেতাদের সঙ্গে এসপির সাক্ষাৎ

মতবিনিময়

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ‘উই আর ভলান্টিয়ার্স’-এর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। পরে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা এবং পুলিশ ও ব্যবসায়ী মহলের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এ সময় ব্যবসায়ী নেতারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশনা দেন। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ সুপার ব্যবসায়ী প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।