ফাইল ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা এলাকায় প্যাডেল ও ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় বন্ধ করা হয়েছে।
গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পৌর কর্তৃপক্ষকে এ নির্দেশ দিলে চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছর থেকে টুঙ্গিপাড়া পৌর এলাকায় প্রতিটি ভ্যানের (প্যাডেল ও ব্যাটারিচালিত) জন্য ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছিল। বালাডাঙ্গা ব্রিজ, পাটগাতী বাসস্ট্যান্ডের দুই পাশ এবং পাটগাতী বাজারসহ বিভিন্ন স্থানে ইজারাদারের লোকজন এ টাকা সংগ্রহ করত।
তবে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পর এমপি এসএম জিলানী জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে টোল আদায় বন্ধের সিদ্ধান্ত দেন।
টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামের ভ্যান চালক মোস্তাইন শেখ বলেন, গত দুদিন ধরে ইজারাদারের লোকজন টোল নিতে আসেনি। এখন কোনো টোল দিতে হচ্ছে না। নির্বাচনের আগে এমপি টোল বন্ধ করবেন বলে শুনেছিলাম, এখন তা বাস্তবে হয়েছে।
এতে আমরা খুশি।
পাচকাহনিয়া গ্রামের ভ্যান চালক তুহিন শেখ জানান, আগে যাত্রী থাকুক বা না থাকুক প্রতিদিন টোল দিতে হতো। এখন তা বন্ধ হওয়ায় আয় কিছুটা বাড়বে।
চিতলমারীর কুনিয়া গ্রামের ভ্যানচালক সেলিম মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে টোল বন্ধের দাবি ছিল।
নতুন এমপির উদ্যোগে তা বাস্তবায়ন হওয়ায় আমরা আনন্দিত।
নবনির্বাচিত এমপি এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে ভ্যান চালকদের কাছ থেকে টোল আদায়ের বিষয়ে তাদের অনুরোধ শুনেছিলাম। নির্বাচিত হলে প্রতিশ্রুতি রক্ষা করব বলেছিলাম। সেই অনুযায়ী টোল আদায় বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণ আমাকে ভোট দিয়েছে, তাদের জন্য কাজ করতে চাই।
টুঙ্গিপাড়া ইউএনও ও পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, নতুন এমপির অনুরোধে টোল আদায় বন্ধ করা হয়েছে। বর্তমান ইজারার মেয়াদ আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হবে। পরে নতুন দরপত্র আহ্বান করা হবে এবং বিষয়টি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

