ফাইল ছবি
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীবকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলার বাদী নিহতের মাসহ পরিবারের সবাইকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেও প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় আতংকে দিন কাটাচ্ছে নিহত সজীবের মা, স্ত্রী ও সন্ত্রানসহ পরিবারটি। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন নিহত সজীবের মা শিরিনা আক্তার ও স্ত্রী এবং সন্তান।
মামলার বাদী নিহতের মা শিরিনা আক্তার অভিযোগ করেন, ঘটনার ৪ দিন পর র্যাব প্রধান আসামী মাইকেল (৪৫) এবং তার পুত্র মো. আপনকে (২২) গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করেন। তাদেরকে আদালতে পাঠানোর ৪০ দিন পরও তাদের কাছ থেকে কোন জবানবন্দী নেয়নি পুলিশ। এর ফলে আমরা ন্যায় বিচার পাওয়া নিয়ে আশংকায় দিন কাটাচ্ছি। তাছাড়াও এজাহারে আরও ৪ জনসহ ৮/১০ জন খুনের ঘটনার সাথে জড়িত থাকলেও পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। উক্ত পলাতক আসামীসহ গ্রেফতার হওয়া আসামীদের স্বজনরা আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার আরেক ছেলে সজলসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে আসছে।
কান্নাজড়িত কন্ঠে শিরিনা আক্তার আরও বলেন, ছেলে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। হত্যার বিচার পাওয়ার পরিবর্তে নিজের ও পরিবারের সবার জীবন হুমকির মুখে। সারাক্ষণ আতংকে দিন কাটাতে বাধ্য হচ্ছি। আসামী মাইকেলের পরিবার, তার মাদক বিক্রির সাথে জড়িত সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়তই আমাদের হুমকি দিচ্ছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করলেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। উল্টো হুমকি আরও বেড়েছে। উপায়ন্তর না পেয়ে আপনাদের (সাংবাদিকদের) কাছে আসছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন- ছেলে হত্যার সুষ্ঠু বিচার ও আমাদের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমাদের বাঁচান। এসময় নিহত সজীবের স্ত্রী, একমাত্র স্কুল পড়ুয়া ছেলে ও বোন উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ বলেন, হুমকির বিষয়টি তদন্ত করছি। মামলটি সম্পূর্ন তদন্ত করে দ্রুতই আদালতে চার্জশীট দাখিল করা হবে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৪ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার সময় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ সজীব (৩২) কে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সজীবের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মোঃ আপন, মোঃ তাহসিন, মোঃ নুরুজ্জামান, মোঃ আকাশ ও মোঃ ইমন সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা (নং-৬২) দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করা হলেও অন্য আসামীরা এখনও গ্রেফতার হয়নি।
এর ফলে এলাকায় মাদক ব্যবসা অব্যহত থাকায় এলাকাবাসী ক্ষোভ জানিয়ে নিহত সজীবের খুনের সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে দ্রুত বিচার এবং এলাকার মাদক ব্যবসা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মামলার দুই জন আসামী গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

