রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে ২ মামলা; আসামি শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৮, ২১ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে ২ মামলা; আসামি শতাধিক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান, নাশকতার ষড়যন্ত্র এবং বাসে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দু’দিনের ব্যবধানে দায়ের হওয়া এসব মামলায় দলটির শীর্ষ নেতাসহ ১৬৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

​শনিবার (২১ নভেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে প্রথম মামলাটি দায়ের করা হয় শুক্রবার (২০ নভেম্বর) রাতে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে এই মামলাটি করেন। এরপর শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি রুজু করেন।

​দুটি মামলার এজাহারেই উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিচয়ে প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন। দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তারা বাস ও ট্রাকে আগুন দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও পাঁয়তারা করছিলেন।

​এসআই শামীম রেজা বাদী হয়ে দায়ের করা প্রথম মামলায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। 

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।

​অন্যদিকে, এসআই হারুন মিয়া বাদী হয়ে দায়ের করা দ্বিতীয় মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব ও মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।

​এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি রুজু করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।