বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে জামাতার আগুন, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৪, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:০৬, ১ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে জামাতার আগুন, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ায় শাশুড়ি, স্ত্রী ও তার শিশুসন্তান দগ্ধ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর দগ্ধ শাশুড়ি মোমেলা (৫৫), তাঁর মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার গভীর রাত তিনটার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাতার নাম আলমগীর। তিনি পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা এবং তানিয়া আক্তার বৃষ্টির স্বামী।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাকিম জানান, বুধবার রাতে মোমেলা, তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মোমেলা গুরুতর দগ্ধ হন। তার মেয়ে তানিয়ার হাতে এবং নাতনি হাফসার নাকে আগুনে দগ্ধ হয়।

তিনি বলেন, তানিয়ার সঙ্গে তাঁর স্বামী আলমগীরের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় জামাতা আলমগীরকে আসামি করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।