ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার জাতীয়তাবাদী কৃষক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়সালকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ ফয়সালকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় তার বিরুদ্ধে এককালীন ২০ লাখ টাকা এবং মাসিক দুই লাখ টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সালসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা অয়েল পিএলসির ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং পরবর্তী সময়ে প্রতি মাসে দুই লাখ টাকা দেওয়ার দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওই অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হওয়ার পর পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ ও গ্রেপ্তারের পরই দলীয় পর্যায় থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা এলো।

