মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারানো তিন শিক্ষার্থীর শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নিহতদের পরিবারগুলোকে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের নিজ বাড়িতে গিয়ে এমপি মান্নান শোকাহত স্বজনদের সাথে সাক্ষাৎ করেন।

​পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন,  এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের হৃদয়কে গভীরভাবে বেদনার্ত করেছে। পুরো দেশবাসী আজ এই শোকের অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য এই সামান্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো। তিনি মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সৃষ্টিকর্তা যেন তাঁদের জান্নাত নসীব করেন সেই দোয়া কামনা করেন। 

​পরিবারগুলোর সাথে সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

​উল্লেখ্য, গত রবিবার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। এসময় নদীর স্রোতে তলিয়ে গিয়ে একই পরিবারের জমজ দুই ভাইসহ তাঁদের প্রতিবেশী মোট ৩ জন শিক্ষার্থীর মর্মান্তিক সলিল সমাধি ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।