মুহাম্মাদ রেজাউল করীম
জ্বালানির দাম একলাফে ২০ টাকা বাড়িয়ে জনগণকে কষ্টের মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব জনজীবনের সব ক্ষেত্রে পড়বে। পরিবহন খরচ ও দ্রব্যমূল্য বাড়বে। অভাব-অনটনের মধ্যে থাকা জনগণকে এভাবে কষ্টে ফেলা যাবে না।
গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আজকে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট মহামারি আকার ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ নাজেহাল। চলমান দুর্নীতি ও দুঃশাসনই এই অস্থিরতার অন্যতম কারণ।’
রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা না গেলে এসব সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বৈশ্বিক সংকট আছে, এটি সত্য। সরকারের কাজ হলো সংকট মোকাবিলা করা। সরকার যদি সংকট সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেয়, তাহলে সরকারের প্রয়োজন কী?
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলার সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ।
এ সময় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলা সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, সহকারী সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজী, দপ্তর সম্পাদক মাও. শহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাকসুদুল হাসান ও প্রশিক্ষণ সম্পাদক মাও. আবু রায়হান সাইফিসহ আমন্ত্রিত সুধীরা উপস্থিত ছিলেন।

