বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-না.গঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-না.গঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের স্টুডেন্ট ভাড়া ৪০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা। একই সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ছাড়াই ভাড়া বাড়ানোর অভিযোগ তুলে বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস ৩০ টাকা করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগে বাসভাড়া ছিল ৫৫ টাকা। সে হিসাবে ভাড়ার অর্ধেক ২৭ টাকা ৫০ পয়সা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা করে নেওয়া হতো। অর্থাৎ শিক্ষার্থীরা নির্ধারিত অর্ধেক ভাড়ার চেয়ে ৭ টাকা ৫০ পয়সা বেশি দিতেন। এখন বাসভাড়া ৬০ টাকা করা হলে অর্ধেক ভাড়া দাঁড়ায় ৩০ টাকা। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ টাকা দিতে হচ্ছে।

ছাত্র ফেডারেশন নেতারা বলেন, শিক্ষার্থীদের ওপর বারবার এভাবে অতিরিক্ত ও অযৌক্তিক বাসভাড়া চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবি জানান তারা।

বিবৃতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শিল্প, কৃষি, পরিবহন ও খাদ্যসহ জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সেবার ব্যয় বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তারা।

বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দ দাবি করেন, সরকার কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। এর মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে একতরফাভাবে ৫ টাকা ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংগঠনটির হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর হিসাবে পুরো রুটে ভাড়া সর্বোচ্চ ৩ টাকা ৪০ পয়সা বাড়তে পারে। তাদের দাবি, আগের কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা হারের সঙ্গে ১৭ পয়সা যোগ করলেও নতুন হার দাঁড়ায় প্রায় ২ টাকা ৭০ পয়সা। সেই হিসাবে ২০ কিলোমিটার রুটের ভাড়া ৫৫ টাকার বেশি হওয়ার কথা নয়।

এ অবস্থায় ৬০ টাকা ভাড়া আদায়কে সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনি দাবি করে ছাত্র ফেডারেশন। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, আইন ও সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ানো বাসভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের স্টুডেন্ট ভাড়া ৩০ টাকা করার দাবি জানিয়েছে। দাবি বাস্তবায়ন না হলে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।